শনিবার ১৩ জুন ২০২৬
Online Edition

‘আওয়ামী লীগ কারচুপির মাধ্যমে আগামী নির্বাচনে জয়ী হতে চায়’

কিশোরগঞ্জ সংবাদদাতা : বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ কারচুপির মাধ্যমে আগামী নির্বাচনে জয়লাভের জন্য বিএনপি’র চেয়ারপার্সনের দেয়া নির্বাচন কমিশন গঠনের রূপরেখা সমর্থন করে না। তিনি গতকাল মঙ্গলবার কিশোরগঞ্জ জেলা বিএনপি’র ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন। স্থানীয় অতিথি কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির সভাপতি এ্যাড. ফজলুর রহমান- এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান সম্মেলনের উদ্বোধন করেন। বক্তব্য রাখেন, চেয়ারপার্সনের উপদেষ্টা আঃ সালাম, সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মোঃ শরীফুল আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সহ-সভাপতি রেজাউল করিম চুন্নু, সাবেক সভাপতি হাবিবুর রহমান ভূঁইয়া, সাবেক এমপি লায়লা আরজুমান বানু, সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাঈল মিয়া, অসীম সরকার বাধন।

বিএনপির মহাসচিব বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরাই সারা দেশে সন্ত্রাসের রাজ্য কায়েম করেছে। নাসিরনগরে সংখ্যালঘুদের মন্দির, বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট করেছে। তাছাড়া নিরীহ সাঁওতালদের পৈতৃক জায়গা থেকে উচ্ছেদ করেছে। বিএনপি ক্ষমতায় আসলে উল্লেখিত ঘটনাসমূহের সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের মুখোমুখি করা হবে।

উল্লেখ্য কিশোরগঞ্জ জেলা সম্মেলন অনুষ্ঠিত হলেও কমিটি ঘোষণা না করেই নেতৃবৃন্দ সম্মেলন ত্যাগ করেন।

অনলাইন আপডেট

আর্কাইভ